ভোলার লালমোহনে বাসের ধাক্কায় শাহজাহান কবির (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি লালমোহন বাজারের সানমুন টাইলসের মালিক ছিলেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে লালমোহনের দিকে যাচ্ছিলেন শাহজাহান কবির। গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
