শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর ভবনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব।” পৌরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাসহ পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা দিতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান। সভায় পৌরসভার বিগত অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনাসহ সামগ্রিক আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
