পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সকাল ১১টার দিকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের নেতৃত্বে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন, তার রায় হয়ে গেছে। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। বাংলাদেশ নয়, তার একটাই গন্তব্য—ফাঁসির মঞ্চ।
তিনি বলেন, গোপালগঞ্জ ও ভান্ডারিয়াসহ সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন সজাগ রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। বাসে আগুন দিয়ে নিরীহ হেলপারের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অপরাধী শনাক্তের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানি, মিথ্যা মামলা কিংবা অন্যায়ভাবে আইনি জটিলতার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ এবং বরিশাল মালিক সমিতির ‘বাহক’ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ‘বাহক’ বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার সিয়াম (২৫) আগুনে পুড়ে নিহত হন।
