গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে বড় একটি গর্তের সৃষ্টি হয়। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টির পানিতে গর্তটি তলিয়ে যায়। পানির নিচে গর্তের গভীরতা বুঝতে না পেরে সেখানে পড়ে দুর্ঘটনার শিকার হন দুটি মোটরসাইকেলের চালক।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজ উদ্যোগে একাধিক বস্তা বালু ও খোয়া ফেলে গর্তটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।
তাঁর এই উদ্যোগে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা সম্ভাব্য বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন বলে স্থানীয়রা জানান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিন্টুর এই উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা।
তবে সাময়িকভাবে গর্ত ভরাট করাই স্থায়ী সমাধান নয় বলে জানান বদিউজ্জামান মিন্টু। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
