এইমাত্র
উজিরপুর

উজিরপুরে বাসে তল্লাশি, ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

বরিশালের উজিরপুরে বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা, চারটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বেল্লাল হোসেন ওরফে বিল্লা (৪২), আরিফ হোসেন (৩৬) এবং মো. ওমর সানি ওরফে মুন্না (১৯)।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এসআরবি-৮, বরিশাল সদর কোম্পানির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-৮-এর একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ইছলাদী টোল প্লাজার পূর্ব পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকা-মেট্রো-ব-১২-১৩৬২ নম্বরের ‘আহনাফ লাবিবা’ নামের চন্দ্রা-বরিশাল-স্বরূপকাঠিগামী যাত্রীবাহী বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী মো. বেল্লাল হোসেন ওরফে বিল্লার কাছ থেকে ৫ কেজি এবং আরিফ হোসেনের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ৯ কেজি গাঁজা, তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং নগদ ১ হাজার ৯৮৫ টাকা জব্দ করা হয়। অভিযানে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের জব্দ করা আলামতসহ উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।