এইমাত্র
পটুয়াখালী

মহিপুরে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত

পটুয়াখালীর মহিপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় যুবদলের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে থানা কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদল তাঁর দলীয় পদ স্থগিত করে।

পদ স্থগিত হওয়া নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তাঁর পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে থানা যুবদল। দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বিএইচএস নিউজকে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ঘটনায় গোলাম মোর্তুজার প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে মহিপুর ও ধুলাসার এলাকাসহ স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।