এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

বরিশালের গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে চারটি ওষুধের দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গৌরনদী বন্দর ও টরকী বন্দর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে দুটি দোকান থেকে অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকসেদুল্লাহ। এ সময় বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, স্বাস্থ্য পরিদর্শক আল আমিন এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএইচএস নিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।