বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরীক্ষা আটকে রাখার অভিযোগে এক নারী দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আনসার সদস্যরা।
আটক লাবনী আক্তার (৩০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রামের হযরত আলী হাওলাদারের মেয়ে। তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, রোগীর স্বজন নুসরাত জাহান নদী (২৪) হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাজে গেলে ওই নারী তাকে বাইরে কম খরচে ল্যাব পরীক্ষা করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। রোগীর স্বজনরা হাসপাতালের ভেতরেই পরীক্ষা করাতে চাইলে ক্ষুব্ধ হয়ে তিনি রোগীর পরীক্ষার কাগজপত্র আটকে রাখেন।
পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা ওই নারীকে আটক করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করেন।
