পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহসভাপতি ইমরান বিশ্বাস ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমান।
সমাবেশটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন ও সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেওয়া হয়নি। এখনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই।”
