ঝালকাঠির নলছিটি উপজেলায় খোলা আকাশের নিচে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতপরিচয় নারী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, কয়েক দিন ধরে ওই নারী জুরকাঠি এলাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার শেষ বিকেলে সবার অগোচরে কোনো ধরনের সহায়তা ছাড়াই খোলা জায়গায় সন্তান প্রসব করেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতক শিশুটিকে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু জানান, উদ্ধার হওয়া নারীকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারের সন্ধান পাওয়া গেলে মা ও সন্তানকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিবারের খোঁজ না পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতককে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে।
