বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৯টি স্টলে উন্নত জাতের গবাদিপশু, দেশি-বিদেশি মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, উন্নত ঘাস ও পশুখাদ্য প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ উৎপাদনের প্রযুক্তি তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করতে প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং খামারিদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা. সুশান্ত।
আলোচনা সভা শেষে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে আটটি ক্যাটাগরিতে ১৭ জনকে ক্রেস্ট দেওয়া হয়। মেলায় বিশেষ আকর্ষণ ছিল স্বল্প খরচে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদনের পদ্ধতি। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
