এইমাত্র
পটুয়াখালী

কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, দুষ্কৃতকারীদের সন্দেহ মালিকের

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার ভোর রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।

একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান বিএইচএস নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রেখেছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তার গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বিএইচএস নিউজকে জানান, আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়ির মালিকের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।