জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আরিফুর রহমান এবং তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জিনাত তাজমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলা দুটিতে তাঁদের বিরুদ্ধে মোট ১৯ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৬০৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। উভয় মামলার বাদী দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
দুদকের দায়ের করা ১১ নম্বর মামলায় আসামি করা হয়েছে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আরিফুর রহমানকে (৫৮)। তিনি ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুদকের অনুসন্ধানে খান আরিফুর রহমানের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ২২ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৩১৭ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৮০৮ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ১৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৫০৯ টাকা। এ ছাড়া আত্মীয়ের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া অর্থসহ দায়-দেনা, পারিবারিক ও অন্যান্য ব্যয় এবং গ্রহণযোগ্য আয়ের উৎস পর্যালোচনা করে তাঁর ১৭ কোটি ৬০ লাখ ১০ হাজার ৬৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দুদকের ১২ নম্বর মামলায় আসামি করা হয়েছে খান আরিফুর রহমানের স্ত্রী জিনাত তাজমিনকে (৫৪)। মামলার এজাহার অনুযায়ী, দুদকের অনুসন্ধানে জিনাত তাজমিনের নামে মোট ৬ কোটি ২৪ লাখ ৪ হাজার ১৪৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪৬০ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৮৩ টাকা। অনুসন্ধানে তাঁর নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট, মালিবাগ বাগানবাড়ি রোডের দুটি বাড়িতে অংশীদারত্ব এবং অকৃষি জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ, মৎস্য খামার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য সম্পদের তথ্যও তুলে ধরা হয়েছে। দুদকের হিসাব অনুযায়ী, দায়-দেনা সমন্বয় এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় বিবেচনায় তাঁর সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়ায় ৮ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ১৪৪ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৮ লাখ ৭ হাজার ১৮২ টাকা। ফলে তাঁর বিরুদ্ধে ২ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৯৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহারে বলা হয়েছে, পৃথক দুটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
