এইমাত্র
পটুয়াখালী

৪৬ বছরেও পাকা ভবন পায়নি বড়চত্রা দাখিল মাদ্রাসা, দুর্ভোগে ৬০০ শিক্ষার্থী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি কোনো পাকা ভবন। জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান।

১৯৮০ সালে ক্রয়কৃত ও একাধিক ব্যক্তির দান করা মোট ১ একর ৭ শতাংশ জমিতে ছোট একটি টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে পাঠদান চললেও ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে প্রায় ছয় শতাধিক। অথচ প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও মাদ্রাসাটি সরকারি কোনো পাকা ভবন পায়নি।

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার একমাত্র টিনশেড ভবনের চালের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র রয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে শ্রেণিকক্ষে জমে এবং শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এতে ব্যাহত হয় পাঠদান। গ্রীষ্মকালে টিনের চাল উত্তপ্ত হয়ে শ্রেণিকক্ষের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মুছা খান বিএইচএস নিউজকে বলেন, পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থা করা যাচ্ছে না। পাকা ভবন না থাকায় ভালো পরিবেশের আশায় অনেক শিক্ষার্থী গলাচিপা শহরের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে।

সহসুপার মাওলানা ইয়াসিন বিএইচএস নিউজকে জানান, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এবং ২০১০ সালে এমপিওভুক্ত হওয়ার পরও এখন পর্যন্ত পাকা ভবন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করেও সুফল পাওয়া যায়নি।

মাদ্রাসার সুপার মাওলানা মো. অলিউল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, ‘আমার এই মাদ্রাসায় কোনো পাকা শ্রেণিকক্ষ নেই, শিক্ষকদের বসারও কোনো জায়গা নেই। একটি ছোট কক্ষে ২২ জন শিক্ষক-কর্মচারীকে কষ্ট করে বসতে হয়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অবস্থা খুবই নাজুক। আকাশে মেঘ দেখলেই ঝড়-বৃষ্টির ভয়ে বাধ্য হয়ে মাদ্রাসা ছুটি দিতে হয়।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বিএইচএস নিউজকে জানান, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’