প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচালিত দুর্যোগ মোকাবিলাবিষয়ক মাঠ মহড়া। এতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও উদ্ধার তৎপরতা পরিচালনার বাস্তব চিত্র তুলে ধরা হয়।
পাশাপাশি মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ১৫টি স্টল স্থাপন করা হয়।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল হওয়ায় পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা, আগাম প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও সচেতনতামূলক মাঠ মহড়ার আয়োজন করে।
