শনিবার, আগস্ট ১৫, ২০২৬
No menu items!
spot_img

প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর এবং দুই বছরের শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত আড়াইটা থেকে ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রবাসী মাহিনের ছেলে নাইম (২২), স্ত্রী রুমা বেগম (৪০) এবং পুত্রবধূ রেজবি (১৮)। এর মধ্যে নাইমের হাঁটুর ওপর গুলি লেগেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫-৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল।

তিনি বলেন, ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর শুরু করে। এক পর্যায়ে তার পুত্রবধূ রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ছেলে নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপর গুলি করে। পরে দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে আহতদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular