প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাগর মোহনা ও নদীতে ধরা পড়ে ক্ষুদে চিংড়ি — স্থানীয়ভাবে যা ভুলা চিংড়ি নামে পরিচিত। প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম ও ওমেগা সমৃদ্ধ এ চিংড়ি এখন কোটি কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে।
কলাপাড়া উপজেলার দশ সহস্রাধিক মানুষ এ চিংড়ি শিকার, শুকানো ও বাজারজাতের সঙ্গে জড়িত। এ চার মাস শ্রমজীবী মানুষ মাটি ভাড়া নিয়ে নদ-নদীর তীরে হোগলা কিংবা চাটাই বিছিয়ে কাঁচা চিংড়ি রোদে শুকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। সংশ্লিষ্টদের মতে, প্রতি মৌসুমে বিক্রি শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
কলাপাড়া উপজেলার হাজীপুর, পুরান মহিপুর, নিজামপুর, গোড়া খাল, কুয়াকাটাসহ অন্তত ২০টি স্পটে নদীর কাছে মেঝেতে চাটাই কিংবা হোগলা বিছিয়ে রোদে শুকানো হচ্ছে ভুলা চিংড়ি। সৈয়দপুর, রংপুর, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চালান করা হয়। এক দিনের রোদেই শুকানো মাছ বিক্রির উপযোগী হয়।
বর্তমানে ক্ষুদে এ চিংড়ির মণ বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা দরে; খুচরা বাজারে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভুলা চিংড়ির ভর্তা, ভাজি, শাক দিয়ে রান্না ও ভুলার বড়া জনপ্রিয় খাবার।
ক্ষুদে এ ভুলা চিংড়ির বৈজ্ঞানিক নাম অ্যাসিটেস ইন্ডিকাস। ১৮৩০ সালে ফরাসি বিজ্ঞানী মিলনে এডওয়ার্ডস যখন এ প্রজাতির নামকরণ করেন, তখন এর উৎপত্তিস্থল হিসেবে গঙ্গা ব-দ্বীপের কথা লেখা হয়েছিল। এ চিংড়ি শুধু বাংলাদেশে নয়, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন পর্যন্ত ইন্দো-পশ্চিম মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে আছে; তবে এর আদি নিবাস বঙ্গোপসাগর।
পটুয়াখালীর বাউফল থেকে আগত ব্যবসায়ী মো. নাসির বিএইচএস নিউজকে জানান, তিনি প্রতি বছরই ভুলা চিংড়ি ব্যবসার জন্য কলাপাড়ায় আসেন; তার অধীনে ১৫-১৬ জন শ্রমিক মাসিক বেতনের ভিত্তিতে এ ব্যবসা পরিচালনা করেন। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের ব্যবসায়ী মো. শফি মিরাজ জানান, তিনি ১০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত; তার অধীনে ১২ জন শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করছে। এ ব্যবসার সঙ্গে এলাকারসহ দেশের বিভিন্ন স্থান থেকে দশ হাজারের মতো শ্রমিক কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
