পিরোজপুরে ৩০ পিস ইয়াবাসহ আটক মীর সোহাগের (৪১) শ্বশুরবাড়ি থেকে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ঢাকা-পিরোজপুর মহাসড়কের আলামকাঠী এলাকায় নাসির শেখের মুদির দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মীর সোহাগকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মীর সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়ি থেকে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মীর সোহাগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা চলমান রয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বলেন, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।