ভোলার লালমোহন উপজেলায় পৈতৃক বাগান থেকে সুপারি পারাকে কেন্দ্র করে ছোট ভাই আব্দুল জলিল রাঢ়ীকে (৬৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শহীদ রাঢ়ীকে (৭৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাবার নাম মৃত মনু মিয়া রাঢ়ী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গাছ থেকে সুপারি পারতে যান বড় ভাই শহীদ রাঢ়ী। তবে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ থাকায় বড় ভাইকে সুপারি পাড়তে বাঁধা দেন ছোট ভাই জলিল। এ সময় দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন, এতে ছোট ভাই আব্দুল জলিল গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই স্থানীয় বাসিন্দারা বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, মূলত সুপারি পারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আমরা আটক করেছি, স্বজনরা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। আব্দুল জলিলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার তদন্তসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।