মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

বিশ্বমঞ্চে উপকূলের বার্তা নিয়ে বেতাগীর জলবায়ুকর্মী মুন্না

বরগুনার বেতাগীর তরুণ জলবায়ুকর্মী খাইরুল ইসলাম মুন্না তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের উপকূলের মানুষের সংকট, দুর্দশা ও অধিকারের কথা তুলে ধরছেন।

হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মুন্না ৮ নভেম্বর থেকে কপ-৩১-এর বিভিন্ন অধিবেশন ও সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন। উপকূলীয় জীবনের শৈশবের অভিজ্ঞতাই তাঁকে ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের পক্ষে কথা বলতে অনুপ্রাণিত করেছে বলে তিনি বিএইচএস নিউজকে জানান। তিনি গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, যা এখন বরিশাল বিভাগজুড়ে কাজ করছে। ২০২৬ সালে তিনি লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যম নেতৃত্বের দায়িত্বে রয়েছেন।

কপ-৩১-এ তিনি জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) ও জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ ৩ কোটি মার্কিন ডলার অনুদান পেতে যাচ্ছে— এ তহবিল পাওয়া ছয়টি দেশের একটি বাংলাদেশ। এ অর্থ ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের কল্যাণে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।