একসময় বরিশালের নদী, খাল-বিল, পুকুরসহ জলাশয়ে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। জাল ফেললেই ধরা পড়ত শোল, গজার, টাকি, কৈ, শিং, মাগুর, পাবদা, বাইম, সরপুঁটি, টেংরা, ফলি ও খলিশাসহ নানা প্রজাতির মাছ। সময়ের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। নদ-নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশি মাছ কমে যাওয়ায় এখন বাজারেও মিলছে না।
বরিশাল নগরীর পোর্ট রোডের জিয়া পাইকারি মৎস্য অবতরণকেন্দ্রে গত এক মাস ধরে প্রাকৃতিক জলাশয়ের দেশি মাছের সরবরাহ প্রায় বন্ধ। ব্যবসায়ীদের দাবি, বরিশাল জেলায় গত চার-পাঁচ বছরে দেশি মাছের সংকট প্রকট হয়েছে। জলাশয় ভরাট, দখল, দূষণ, নিষিদ্ধ জালের ব্যবহার ও অপরিকল্পিত মাছ আহরণকে এর প্রধান কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।
মৎস্য সংশ্লিষ্টদের মতে, বরিশাল অঞ্চলের নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় থেকে একসময় প্রচুর রয়না বা ভেদা, সরপুঁটি, বাইম, তারা বাইম ও পাবদা মাছ পাওয়া যেত। এখন এসব মাছের দেখা মেলা ভার। বরিশাল বিভাগে এই পাঁচ প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এছাড়া শোল, গজার, টাকি, কই, শিং, মাগুর, বোয়াল, টেংরা, ফলি ও খলিশা মাছের সংখ্যাও আগের তুলনায় অনেক কমেছে; এরই মধ্যে কিছু মাছের দেখাই মিলছে না।
নদী-খাল ভরাট, জলাশয় দখল, পানিদূষণ, বিষ প্রয়োগ করে মাছ শিকার, কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার এবং নিষিদ্ধ জালের কারণে দেশি মাছের আবাসস্থল ও প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে মাছ খাল-বিল ও প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ে। এসব জায়গায় ডিম ছাড়ে এবং পোনা বড় হয়। কিন্তু জলাশয় ভরাট ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মাছের বংশবিস্তার কমছে। কারেন্ট জাল ও চায়না দুয়ারিতে ছোট মাছ ও পোনা ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মা মাছ নিধন এবং জলাশয় শুকিয়ে মাছ ধরার কারণেও দেশি মাছের সংখ্যা কমছে।
বরিশাল পোর্ট রোড জিয়া পাইকারি মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ী সুমন মোল্লা বলেন, এক মাস ধরে পাইকারি বাজারে জলাশয় থেকে দেশি প্রজাতির কোনো মাছ আসছে না। এক মাস আগে দু-এক পাতিল মাছ আসত। এখন মাছের আড়ত দেশি মাছশূন্য। চার-পাঁচ বছর ধরেই দেশি মাছ দুষ্প্রাপ্য হয়ে গেছে।
বরিশাল পুরান বাজারের খুচরা মাছ বিক্রেতা আবদুর রশিদ বলেন, বাজারে দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। যেগুলো পাওয়া যায়, তার অধিকাংশই চাষের মাছ। মাসখানেক আগেও পাইকারি বাজারে প্রতিদিন কয়েক পাতিল দেশি মাছ পাওয়া যেত। এখন আর তা পাওয়া যাচ্ছে না। ক্রেতা মারুফ হাওলাদার বলেন, বাজারে দেশি প্রজাতির মাছ নেই—যা পাওয়া যায়, সবই চাষের। দেশি মাছ রক্ষায় সরকারিভাবে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, যেসব মাছ বিলুপ্তির আশঙ্কায় রয়েছে, সেগুলো রক্ষায় সরকারি নির্দেশনায় একাধিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাছের অভয়াশ্রম রক্ষার পাশাপাশি প্রাকৃতিক জলাধার সংরক্ষণে কাজ করা হচ্ছে। এছাড়া হারানোর ঝুঁকিতে থাকা পাবদা, বাইমসহ কয়েকটি মাছ চাষের আওতায় এনে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, দেশি মাছ ফিরিয়ে আনতে নদী, খাল, বিল ও পুকুরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ এবং জলাশয় দখল-ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
