মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল সদর

বরিশাল নদী ফায়ার স্টেশনের চালক ও ডুবুরির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বরিশাল নদী ফায়ার স্টেশনের মাস্টার ড্রাইভার ইমরান হোসেন ও ডুবুরি রাব্বি শেখের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাৎ, যন্ত্রাংশ চুরি ও বিক্রি, জ্বালানি তেল অপব্যবহার, মাদক সেবন, নিয়োগ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনসহ ২০টি গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি, বানারীপাড়া ফায়ার স্টেশনের একটি এবং কাঠালিয়া ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্স বরিশাল নদী ফায়ার স্টেশনে সংরক্ষিত ছিল। মেরামতের জন্য বিভাগীয় কারিগরি কারখানায় নেওয়া হবে বলে জানানো হলেও পরে এসব গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, ক্লাচ, ব্যাটারি, সিলিন্ডার ও পিস্টনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া সরকারি স্পিডবোটের ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করায় স্পিডবোটের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি নৌযান ব্যবহার করে জাহাজে প্রতি রাতে মাদকের আড্ডা বসানো, জ্বালানি তেল আত্মসাৎ এবং ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ও নৌযান ব্যবহারের অভিযোগও উঠেছে।

২০১৯ সালে চাকরিতে যোগদানের পর মাত্র ছয়-সাত বছরের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন ড্রাইভার ইমরান—এমন অভিযোগও রয়েছে। তাঁর নামে-বেনামে জমি, বাড়ি ও ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়া চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন ও ভুয়া নিয়োগপত্র তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফায়ার স্টেশনের প্রায় ৪০ থেকে ৫০টি নারিকেল গাছের ফল বিক্রির অর্থের হিসাব রাখা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

রাব্বি শেখের বিরুদ্ধে নিয়মিত রোলকল ও পিটি ক্লাসে অনুপস্থিত থাকা, দায়িত্ব পালনে অবহেলা, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং কর্মস্থলে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। বরিশালের কেডিসি বস্তিতে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে রাব্বি শেখের বক্তব্য পাওয়া যায়নি। তবে মাস্টার ড্রাইভার ইমরান হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাম্বুলেন্স ও স্পিডবোটের যন্ত্রাংশ বিক্রির প্রশ্নই আসে না বলে তিনি দাবি করেন। মাদক সেবনের অভিযোগও তিনি অস্বীকার করেছেন। তবে ব্যক্তিগত কাজে স্পিডবোট ব্যবহারের কথা স্বীকার করে তিনি বলেন, একবার এক আত্মীয়কে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছিলেন। ছাগল চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাগল চুরি করে নয়, কিনে জবাই করে সবাই ভাগ করে নিয়েছিলেন।

এসব অভিযোগের বিষয়ে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মানিকুজ্জামান বিএইচএস নিউজকে বলেন, “আমাদের ডিপার্টমেন্টের মধ্যে কোনো দুষ্ট লোকের স্থান নেই। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পেলে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”