বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারে একটি মোবাইল ফোনের দোকানে তালা কেটে ৫৫টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। দোকানমালিকের দাবি, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা।
দোকানমালিক নাঈম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে এসে দেখেন শাটারের তালা কাটা। ভেতরে ঢুকে তল্লাশি করে দেখতে পান মোবাইল ফোন ও নগদ টাকা নেই।
তিনি বলেন, চক্রের সদস্যরা বিকেল থেকেই একাধিকবার দোকানে আসেন। কেউ ব্যাটারি কেনার কথা বলেন, কেউ মোবাইল দেখতে চান। ক্রেতা সেজে তারা দোকানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাতে দোকান বন্ধ হওয়ার পর সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটান।
দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও চক্রটির তৎপরতা দেখা গেছে। ফুটেজে দেখা যায়, বিকেলে প্রথমে এক যুবক মোবাইলের ব্যাটারি খুঁজতে দোকানে আসেন। কিছুক্ষণ পর তিন যুবক একসঙ্গে দোকানে প্রবেশ করেন। চুরির সময়ের আরেকটি ফুটেজে দেখা যায়, বিকেলে আসা ওই তিন যুবক কাঁধে ব্যাগ নিয়ে রাতে দোকানের সামনে আসেন। তাদের একজন ব্যাগ থেকে একটি যন্ত্র বের করে শাটারের তালা কাটেন। পরে দুটি ব্যাগসহ এক যুবককে দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। বাইরে দাঁড়িয়ে অপর দুজন মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেন। চুরি শেষে তারা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, চুরির ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।
