এইমাত্র
মুলাদী

মুলাদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসের হাট বাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর খাসের হাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বরিশাল জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান হাওলাদারের নেতৃত্বে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাসের হাট জামে মসজিদের সামনে এসে শেষ হয়। পরে মসজিদের পূর্ব গেটে পথসভা অনুষ্ঠিত হয়।

কিছুদিন আগে বড় ধরনের একটি অপারেশন হওয়া রোকনুজ্জামান হাওলাদার অসুস্থ থাকা সত্ত্বেও কর্মসূচিতে নেতৃত্ব দেন।

পথসভায় বক্তব্য রাখেন মোহাম্মদ রোকনুজ্জামান হাওলাদার। তিনি বলেন, কাজিরচর ইউনিয়নে কোনো ধরনের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন পেশকারের দিকনির্দেশনায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নয়ন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম পেদা, কাজিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাবু খান, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অহিত চৌকিদার, কেরানীগঞ্জ থানা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শওকত মোল্লা, কাজিরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক পিন্টু পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা সমীর খান, ইউনিয়ন তাঁতী দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং তাঁতী দলের সদস্য সচিব শহীদ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন মোহাম্মদ রোকনুজ্জামান হাওলাদার।