বরিশালের বিতর্কিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের বিরুদ্ধে আজ শনিবার (২১ নভেম্বর) থেকে নতুন করে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে ছাত্রসংগঠনগুলো। কলেজের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল এবং দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে এই আন্দোলন হবে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ এই ঘোষণা দেন। তিনি জানান, আন্দোলনে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবি গুরুত্ব পাবে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নগরীর কাজীপাড়ায় অন্তুর বাসায় গিয়ে তাঁকে থানায় নিয়ে যান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে সহপাঠী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা থানায় বিক্ষোভ করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁকে থানায় ফিরিয়ে আনা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের জানানো হয়েছিল, ওই অর্থ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে। পরে হাসপাতালের পরিচালক জানান, ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ গ্রহণ করে না।
অর্থ আদায়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ আদায় করা টাকা ফেরত দেয় বলে দাবি শিক্ষার্থীদের। বিষয়টি আদালতের নজরে আসার পর পুলিশের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তথ্য ওঠে। পরে গত ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলায় জহিরুল ইসলাম ছাড়াও কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পাকে অভিযুক্ত করা হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, এরপর থেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে অন্তু বিশ্বাসের বিরোধ তীব্র হয়। গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর ছাত্রত্ব বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্তু।
অন্যদিকে বাসা থেকে অন্তুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান। তাঁর দাবি, আন্দোলনের বিষয়ে জানতে আদালত অন্তুকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ তাঁকে বাসা থেকে ডেকে আনে। পরে অন্তু কাউকে কিছু না জানিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান। খবর পেয়ে পুলিশ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে যায়। পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্তু বিশ্বাস বিএইচএস নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন তিনি। এ কারণে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ছাত্রত্ব ফিরে পাওয়ার দাবিতে একাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। গত বুধবার কলেজের কর্মকর্তারা তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
