এইমাত্র
পিরোজপুর

পিরোজপুরে সুপারি ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুরের নেছারাবাদে সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলায় অপর দুই আসামি সুমনা বেগম (৩৫) ও এক কিশোরীকে (১৭) তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন দণ্ডপ্রাপ্ত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে (৩৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল। রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।