পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল বাহাদুর খানের বসতঘরের পেছনের বারান্দায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাহাদুর খান ওই এলাকার মো. সেকান্দার খানের ছেলে।
এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নম্বর ৪২) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
