বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ওপর দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপলাইন স্থাপন করায় বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ। পাইপের ছিদ্র দিয়ে পানি বের হয়ে সড়কে জমছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে নেওয়া হয়েছে ড্রেজারের পাইপলাইন। বিশেষ করে ভাটিখানা জোড়মসজিদ এলাকায় সড়কের ওপর দিয়ে স্থাপন করা পাইপ যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ, এসব পাইপের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কোথাও পাইপের সংযোগস্থলে ছিদ্র বা লিকেজ থেকে পানি বের হয়ে সড়কে জমছে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, রিকশা ও ছোট যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাতে পর্যাপ্ত আলোর অভাব থাকলে এসব পাইপলাইন যানবাহন ও পথচারীদের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে।
অবৈধ ড্রেজার পাইপলাইনের বিরুদ্ধে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ শাখা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, তালুকদার বাড়ির মোড় এবং ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত আবেদ আলী শাহ সড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ড্রেজার পাইপলাইন জব্দ ও অপসারণ করা হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর নগরীর পরিবেশ ও অবকাঠামো রক্ষার স্বার্থে বিসিসি নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের ইজারা ও কার্যাদেশ বাতিল করে। একই সঙ্গে বালু সরবরাহে ব্যবহৃত পাইপলাইন অপসারণের নির্দেশ দেওয়া হয়।
দরপত্র বাতিলের পরও নগরীর বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে পুকুর, জলাশয় ও নিচু জমি ভরাটের অভিযোগ উঠেছে। এতে নগরীর প্রাকৃতিক জলাধার সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
জেলায় নদ-নদীর অন্তত ৩৪টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। আড়িয়াল খাঁ, কালাবদর, গজারিয়া, সন্ধ্যা, জয়ন্তী ও মেঘনার বিভিন্ন শাখা নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় তালিকাভুক্ত ২৬টি বালুমহালের মধ্যে ইজারা দেওয়া হয়েছে আটটি। অবৈধ বালু উত্তোলন বন্ধে গত দুই মাসে জেলায় অন্তত সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পাঁচটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ সিকদার বিএইচএস নিউজকে বলেন, দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা কিংবা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। সরকারি নির্দেশনা অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিএইচএস নিউজকে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নগরবাসীর দাবি, শুধু অভিযান চালিয়ে পাইপলাইন জব্দ বা অপসারণ করলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে পাইপলাইন স্থাপন, বালু উত্তোলন, সরবরাহ কিংবা জলাধার ভরাটের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
