এইমাত্র
বরিশাল বিভাগ

বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে অভিযান

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত করেছে পরিবেশ অধিদপ্তর। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি নভেম্বর মাসে বিশেষ অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

ইতোমধ্যে ২৫টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি ইটভাটার ড্রাম ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং বাকি ১১টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, ২০২৫-২৬ অর্থবছরে পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে কঠোরভাবে কাজ করা হয়েছে। এ সময়ে এক কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অধিদপ্তর কঠোর ও সক্রিয়ভাবে কাজ করছে।

তবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করতে গিয়ে জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকটসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে কর্মকর্তাদের। বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ে প্রায় ২০টি পদ শূন্য রয়েছে। বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুদ্দীন আহমেদ বলেন, পর্যাপ্ত জনবল না থাকলেও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।