এইমাত্র
ভোলা

শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটিও গুলি করেনি; এতে সহনশীলতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জের সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ করা হবে। শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে। এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে — সেটা আইনের মাধ্যমে করা হবে, অন্যায়ভাবে নয়। সহনশীলতাকে কেউ দুর্বলতা ভাববেন না।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যে সংবাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে; আর যেটা কম গুরুত্বপূর্ণ, সেটা বেশি গুরুত্ব পাচ্ছে।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভোলার মানুষ ভাগ্যবান — একের পর এক গ্যাস কূপ পাওয়া যাচ্ছে। ভোলা সেতু ও রাস্তাঘাট উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে; ভোলা সেতুর বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত হবে।

সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।