ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদুয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এই সাঁকো অপসারণ করে সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শিক্ষার্থী মরিয়ম বেগম বিএইচএস নিউজকে বলেন, “প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। সাঁকো পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। কিছুদিন আগেও সাঁকো পার হওয়ার সময় বই ও স্কুলব্যাগসহ খালে পড়ে গিয়েছিলাম। আতঙ্ক নিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়।”
স্থানীয় বাসিন্দা মো. সিরাজ বিএইচএস নিউজকে জানান, “এই বাঁশের সাঁকোটি এখন আমাদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়। আমরা দ্রুত এখানে একটি স্থায়ী ব্রিজ চাই।”
শিক্ষার্থীদের অভিযোগ, কখন দুর্ঘটনা ঘটে — এই আতঙ্কে কাটে তাদের দিন। এর আগে সাঁকো থেকে পড়ে একাধিক শিক্ষার্থীর হাত-পা ভাঙার মতো দুর্ঘটনাও ঘটেছে। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী ও বয়স্ক ব্যক্তিদের যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। বড় খালের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে — এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
