বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার মাঠে মাঠে পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা। বৃষ্টি ও হালকা বাতাসে পাকা ও আধাপাকা ধান মাটিতে পড়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াই করে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে উপজেলা কৃষি বিভাগের দাবি, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না।
দশমিনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর। তবে অসময়ের বৃষ্টির কারণে উপজেলার কোনো এলাকায় এখনো আমন ধান কাটা শুরু করা যায়নি।
দশমিনা সদর ইউনিয়নের কৃষক মো. আব্দুর রহমানসহ কয়েকজন কৃষক বিএইচএস নিউজকে জানান, অসময়ের বৃষ্টিতে পাকা ধান পানিতে ভিজে মাটিতে পড়ে আছে। এই ধান সংগ্রহ নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাঁরা। ভেজা ধান কাটা ও বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন কৃষকরা।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বিএইচএস নিউজকে জানান, পাকা ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে অসময়ের বৃষ্টিতে ৭০ থেকে ৮০ শতাংশ কৃষকের খেসারির ডালের সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, দু-চার দিন পরে কৃষকরা পাকা আমন ধান ঘরে তুলতে পারবেন।
