ভোলার চরফ্যাশনের ইওয়াজপুর গ্রামের আব্দুর রহমান হাজারী (৪৪)। অভাবের সংসার থেকে উঠে এসে আজ তিনি তিনটি বেকারি কারখানার মালিক। তাঁর কারখানাগুলোতে কাজ করছেন ২১৫ জন শ্রমিক।
সাত ভাইবোনের মধ্যে সবার বড় আব্দুর রহমান। বাবা হাজী আব্দুল মান্নান হাওলাদার মারা যান তিনি ছোট থাকতেই। মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন। ১৯৯৭ সালে ইওয়াজপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর অভাবের কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। শ্রমিকের কাজ করেছেন, ঢাকার একটি বেকারিতে কাজ করেছেন ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত, পরে বরিশালের একটি বেকারিতেও কাজ করেন। তারপর ফিরে আসেন চরফ্যাশনে।
ব্র্যাক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে এবং আরও ধারদেনা করে চরফ্যাশন-ভোলা সড়কের পাশে ইওয়াজপুরে ১৫ শতাংশ জমিতে প্রথম বেকারি গড়েন তিনি। এখন তাঁর তিনটি কারখানা — ২০১৪ সালে গড়া হাজী বেকারি, ২০২২ সালের আলী বেকারি ও ২০২৫ সালের মায়ের দোয়া বেকারি। পাউরুটি, বিস্কুট, কেক, টোস্ট, চানাচুর ও সেমাইসহ নানা পণ্য তৈরি হয় এসব কারখানায়; চরফ্যাশন, ভোলা, লালমোহন, তজুমদ্দিন, মনপুরা ও দৌলতখানে সরবরাহ করা হয়। বছরে প্রায় ৬০ লাখ টাকা আয় হয় বলে জানান তিনি।
তিন কারখানায় মোট ২১৫ জন কাজ করেন — হাজী বেকারিতে ৪৫ জন, আলী বেকারিতে ১০০ জন ও মায়ের দোয়া বেকারিতে ৭০ জন। প্রতিটি কারখানায় নারী শ্রমিকও কাজ করছেন, যাঁদের অনেকে সংসারের প্রধান উপার্জনকারী। আব্দুর রহমান বলেন, “শুধু নিজের উন্নতির জন্য নয়, এলাকার বেকারদের কাজ দেওয়ার জন্যই কারখানাগুলো গড়েছি।” তিনি আরও বলেন, “মায়ের দোয়া আর কঠোর পরিশ্রমের ফলেই আজ আমি এ জায়গায় আসতে পেরেছি।” স্থানীয় মো. বাবুল পেদা বলেন, “আব্দুর রহমান একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক।”
নিজের বাড়ি, জমি ও ব্যক্তিগত গাড়ি হয়েছে তাঁর। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা গড়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তাঁর স্ত্রী পারভীন একটি বিউটি পার্লার চালান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জানিয়ে আব্দুর রহমান বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
