এইমাত্র
পিরোজপুর

শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো স্থান নেই এবং তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্বাচনি প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেবেন, তাদের দলে থাকার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে শান্তি বিনষ্ট, অগ্নিসংযোগ এবং মানুষের জানমালের ক্ষতিসাধন করছে। সরকার এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছে, তবে বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে কোথাও দেখলে নিজেরা কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসনকে অবহিত করতে হবে। প্রশাসনই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ছোটখাটো বিষয় নিয়ে কেউ অপপ্রচার করবেন না। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে এবং অশান্ত গোপালগঞ্জ শিগগিরই শান্ত হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।