এইমাত্র
ঝালকাঠি

ঝালকাঠিতে আ.লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক ও জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার।

সমাবেশে সংসদ সদস্য ইলেন ভূট্টো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কাজে হাত দিয়েছে, চারদিকে উন্নয়নের জোয়ার বইছে; ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছে। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের একটি নেতাকর্মী বেঁচে থাকতে আর কোনো সন্ত্রাস দেশে করতে দেওয়া হবে না। প্রয়োজনে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে পাহারা দেবো।