বরিশাল নগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর মরকখোলা পোলের দক্ষিণ পাশে খান জাহানিয়া মসজিদের বিপরীত পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কালো ব্যাগে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজুর হাসানের নেতৃত্বে অভিযানে এসআই মো. আবু বকর সিদ্দিকসহ ফাঁড়ির অন্য সদস্যরা অংশ নেন।
আটক রাজিব বেপারি বগুড়া ফাঁড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় মাদক সরবরাহ চক্রের অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
