এইমাত্র
বরিশাল সদর

৬ ডিসেম্বর বিসিবির কাছে হস্তান্তর হচ্ছে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হস্তান্তরের দিনই দুটি স্থানীয় দলের মধ্যে দিবা-রাত্রির একটি প্রীতি ম্যাচ দিয়ে মাঠটিতে ফিরছে ক্রিকেট। একই দিনে পিচ ও আউটফিল্ড পরীক্ষা করা হবে এবং ফ্লাডলাইটের লক্ষ্যও যাচাই করা হবে বলে জানিয়েছেন বিসিবির জ্যেষ্ঠ জাতীয় গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

বিসিবির নতুন ‘ডমেস্টিক থ্রি’ বা ডি-থ্রি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। ১৯ ম্যাচের এই প্রতিযোগিতার ১২টি ম্যাচই হবে বরিশালের এই স্টেডিয়ামে, যার মধ্যে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচও রয়েছে।

কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত স্টেডিয়ামটি ১৯৬৬ সালে স্থাপিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করতে ২০০৫ সালে প্রথম সংস্কার হয়। দ্বিতীয় দফার আধুনিকায়ন শুরু হয় ২০১৯ সালের নভেম্বরে। প্রথমে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার প্রকল্পটি বিসিবির অতিরিক্ত চাহিদায় সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৮ লাখ টাকা।

মাঠে পাঁচটি পিচ রয়েছে, এর মধ্যে তিনটি ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কিউরেটর বদিউল আলম খোকন। হস্তান্তরের আগে আউটফিল্ড, উইকেট ও ঘাস কাটার বাকি সামান্য কাজ শেষ করা হচ্ছে।