এইমাত্র
ঝালকাঠি

নবগ্রামে ফ্যামিলি কার্ডের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, সরেজমিনে যাচাই ইউএনওর

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে এ অভিযোগে ক্ষোভ প্রকাশ করে কয়েকশ নারী-পুরুষ ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার না দিয়ে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কিছু ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট সুপারভাইজার রাজিব ও মাঠকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ করেন।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালিকা ধরে ধরে যাচাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য ও যোগ্যতা যাচাই করা হয় এবং স্থানীয়দের অভিযোগ শোনেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বিএইচএস নিউজকে জানান, স্থানীয় কিছু লোকের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। সকল পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি কেউ বাদ যাবে না বলে জানান তিনি।

তবে সুপারভাইজার রাজিব ও সংশ্লিষ্ট মাঠকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। যাচাই শেষে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।