বরিশাল নগরীতে সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রতিবাদ মিছিল করেছেন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার। একই সঙ্গে নগরীর ৩০টি ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর সদর রোডে তার নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে একই দিন দেওয়া এক জরুরি ঘোষণায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বিকেল সাড়ে ৫টা থেকে নিজ নিজ এলাকায়, পাড়া-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন জিয়াউদ্দিন সিকদার। নাশকতাকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
জরুরি ঘোষণায় তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালনে তারা সর্বদা বদ্ধপরিকর। যেখানেই বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেবে, সেখানেই দলের নেতাকর্মীরা উপস্থিত হবেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিজেও উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জিয়াউদ্দিন সিকদার বলেন, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
