এইমাত্র
পটুয়াখালী

সাংবাদিক গোপাল হালদারের ওপর হামলার ঘটনায় ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলের ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় এ মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার ফুটওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।

এজাহারের বিবরণ অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব রুশদা ইসলাম রিপার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় মিরাজের হাতে থাকা নানচাকু দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যান। এতে আঘাতটি তাঁর বাঁ পায়ের পাতায় লাগে এবং পায়ের হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবু রাইয়ান শাকের গোপালের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং নাকে ঘুষি মারেন। এতে তাঁর নাকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে মারুফ হাসান ও তানজিল ইসলাম মাথা লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

হামলার একপর্যায়ে গোপালের প্যান্টের পকেটে থাকা প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি এস২১ ফাইভজি মডেলের একটি স্মার্টফোন মিরাজ নিয়ে যান বলে এজাহারে দাবি করা হয়েছে। একই সময়ে আবু রাইয়ান তাঁর সঙ্গে থাকা ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। স্বজনরা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর ছোট ভাই গোপাল হালদার রাহুল ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনের পর নিজের নাম জুলাই আহতদের গেজেট থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মিরাজ। ঘটনাকে কেন্দ্র করে মিরাজ তাঁর ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এর আগে গোপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

হামলার শিকার সাংবাদিক গোপাল হালদার বিএইচএস নিউজকে বলেন, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর থেকে মিরাজ ও তাঁর সংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলার বাদী সুমন চন্দ্র হালদার বিএইচএস নিউজকে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও মামলার প্রধান আসামি মিরাজ ইমতিয়াজ বিএইচএস নিউজকে জানান, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য তিনি আবেদন করেছিলেন। পরে সরকারি প্রজ্ঞাপনে তাঁর নাম জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং তিনি ভাতা পাচ্ছেন। গোপাল হালদারের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও গোপাল ছড়িয়ে দিয়েছেন। এর প্রতিবাদে তাঁরা ইতিমধ্যে মানববন্ধন করেছেন।

এদিকে, এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরি ও ছড়ানোর অভিযোগ এনে সাংবাদিক গোপাল হালদারের বিরুদ্ধেও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনার পরের দিন গোপাল হালদারকে আসামি করে পটুয়াখালী সদর থানায় ছাত্রশক্তি নেত্রী রুশদা ইসলাম রিপা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, উভয় পক্ষই থানায় মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।