বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে ২১তম ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই বরিশালের জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিভাগীয় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রোববার বরিশালের কলেজ রোডস্থ জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় আয়োজক সংস্থা প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশাল এবং অনলাইন নিউজ পোর্টাল রিপোর্ট ৭১। এতে লিখিত বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহানার ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সেলিনা আক্তার হেনা, সানিয়া কবীর, অ্যাস্ট্রো অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক সাঈদ পান্থসহ প্রকৃতি ও জীবন ক্লাব এবং রিপোর্ট একাত্তরের কর্মকর্তা ও রিপোর্টাররা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ২০০৬ সাল থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এবার ২১তম আয়োজনের প্রধান সহযোগী হিসেবে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং এটি পরিচালিত হবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায়। অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থীদের নিয়ে ১৭ জুলাই বরিশাল বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে বরিশাল বিভাগের ২০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। বিভাগীয় পর্যায় থেকে ৩০ জন (১৫ জন সিনিয়র ও ১৫ জন জুনিয়র) জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে ২৯ থেকে ৩১ জুলাই তিন দিনের আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে পাঁচ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে, যারা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবে।
আয়োজকরা জানান, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী (১৪-১৮ বছর বয়সী) স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচিত শিক্ষার্থীদের ৩০০ টাকা নিবন্ধন ফি প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বরিশালে ভেন্যু সহযোগিতার জন্য জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



