জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েও নির্বাচনের পরে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। গণভোট বাস্তবায়নে ছিনিমিনি করলে ছাত্র-জনতা আবার রাজপথে নেমে আসবে। শেখ হাসিনার পতন থেকে বিএনপি সরকারের শিক্ষা নেওয়া উচিত।
রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রায় সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার গ্রামগঞ্জে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই সরকার আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। মূল্য আর কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সরকার আসার পরে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গেছে, এখন আর বিদ্যুৎ যায় না, গ্রামগঞ্জে এখন বিদ্যুৎ মাঝেমধ্যে আসে।
তিনি আরও বলেন, সরকারের একটি উন্নয়ন হয়েছে সেটি হলো মাদক, নির্বাচনের সময় বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন; কিন্তু কোন ঈদের সময় যুদ্ধ ঘোষণা করবেন উল্লেখ করেননি। ঘরে ঘরে মাদক বেচাকেনার উন্নয়ন হয়েছে।
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান খান, নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. নাসিমুদ্দুল্লাহ হিরু, যুগ্ম সদস্য সচিব মো. চান মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।