ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি স্বপন বাহিনীর প্রধান স্বপন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে গত মঙ্গলবার দিনগত রাত ১১টা হতে আজ বুধবার দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ভোলা বেইস ও মনপুরা আউটপোস্ট কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়।
এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’ এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দকৃত আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।