পটুয়াখালীর বাউফলে মামলার আসামিকে গ্রেপ্তারে প্রশাসনকে সহযোগিতা করায় মো. বাপ্পি মৃধা (১৮) নামে এক যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল ৪ নম্বর ওয়ার্ডের সাইকেল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাপ্পি মৃধা। তিনি ওই এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে। চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
স্থানীয় সূত্র ও বাপ্পির অভিযোগ অনুযায়ী, তার চাচা নাসির মৃধার সঙ্গে স্থানীয় শহিদুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছিল।
ওই মামলায় শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে শহিদুল ইসলামকে গ্রেপ্তারে প্রশাসনকে সহযোগিতা করেন বাপ্পি।
বাপ্পির অভিযোগ, শহিদুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর তার ভাই ও একই মামলার আরেক আসামি রুহুল ইসলাম তার ওপর ক্ষিপ্ত হন। এর জেরে শুক্রবার বিকেলে রুহুল ইসলামসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা করেন।
বাপ্পি বলেন, প্রশাসনকে সহযোগিতা করার কারণেই তাকে লক্ষ্য করে হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত রুহুল ইসলামের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।