বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
No menu items!
spot_img

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

পটুয়াখালী পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মো. কামাল গাজী, ফারুক গাজী, মো. শামীম ও লিটনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার। গত ১৫ সেপ্টেম্বর মামলাটি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আজাহার আলী হাওলাদারের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর করেন। বাধা দিতে গেলে আজাহার আলী ও তার ছেলে রাকিবকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে তারা ঘরের ভেতরে ঢুকে আজাহার আলীর আরেক ছেলে আরিফ হোসেন টিটু ও পুত্রবধূ রোমানা আক্তার সুইটিকেও মারধর করেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা আজাহার আলীর স্ত্রী পারভীন বেগমের গলার স্বর্ণের চেইন ও হাতের আংটি এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

আহত রাকিব পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular