মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল সদর

পরীক্ষার ১ ঘণ্টা আগে ছাপা হবে এসএসসি-এইচএসসির প্রশ্ন: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়।

শিক্ষামন্ত্রী বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। এআই সিস্টেমে শিক্ষার্থীরা কীভাবে শিখতে পারবে এবং শিক্ষকেরা কীভাবে শিক্ষকতা করতে পারবেন, সেই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তবে শুধু এআইনির্ভর হলে চলবে না; এআইকে বিচার করার সক্ষমতা শিক্ষার্থীদের থাকতে হবে। তিনি আরও জানান, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে; দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে এবং আগামী ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট দ্রুত সমাধান করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রনিক বাস দেওয়া হবে; ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন ও অডিটরিয়ামের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে।