মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলা-চরফ্যাশন সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। বোরহানউদ্দিন পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে গাছের নিচে বেঞ্চ পেতে লাঠি হাতে বসে থাকা কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, মাইক্রোবাসসহ ছোট মালবাহী যানবাহন দেখলেই দৌড়ে গিয়ে সংকেত দিয়ে থামান। এরপর যানবাহনের ধরন অনুযায়ী চালকের হাতে রসিদ ধরিয়ে দিয়ে জোর করে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করা হয়।

সরেজমিনে দেখা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় সেখানে প্রায় অর্ধশত ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদা তুলতে দেখা গেছে। পৌরসভা কার্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে এই বাসস্ট্যান্ডে এই অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

চালকদের অভিযোগ, এই সড়কে প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোসহ তিন চাকার যানবাহন থেকে ৩০ টাকা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে ২৫ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। শুধু উত্তর বাসস্ট্যান্ড নয়, দক্ষিণ বাসস্ট্যান্ড, উপজেলা সড়কের খেয়াঘাট এলাকা, রানীগঞ্জ বাজার ও জয়া বাজারসহ অন্তত পাঁচটি পয়েন্টে সারা বছরই এই চাঁদাবাজি চলে। প্রতিদিন এভাবে পাঁচ শতাধিক যানবাহন থেকে জোরপূর্বক টাকা তোলা হয় বলে চালকরা জানান।

স্থানীয় অটোরিকশাচালক মো. মহিউদ্দিন বিএইচএস নিউজকে বলেন, ‘উত্তর বাসস্ট্যান্ডে প্রতিদিন ২০ টাকা করে চাঁদার টাকা দিতে হয়। এই টাকা তাঁরা আমাদের থেকে জুলুম করে আদায় করছেন।’ উদয়পুর রাস্তার মাথা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মো. বশির বিএইচএস নিউজকে জানান, ‘উত্তর বাসস্ট্যান্ড ছাড়াও দক্ষিণ বাসস্ট্যান্ড, উপজেলা সড়কের খেয়াঘাট এলাকা, রানীগঞ্জ বাজার, জয়া বাজার এলাকাসহ প্রায় পাঁচ স্পটে চাঁদা তোলা হয়। সারা বছরই এই চাঁদা চলে। এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা সামান্য দেরি করলে চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখা হয়। চালকদের যে রসিদগুলো দেওয়া হয়, সেগুলোতে আদায়কারীদের স্বাক্ষর থাকলেও কোনো বৈধ ইজারাদারের নাম উল্লেখ থাকে না। কোনো ধরনের টার্মিনাল ব্যবহার না করে সরাসরি মহাসড়কের ওপর চলমান গাড়ি থামিয়ে এ ধরনের অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।

চাঁদা আদায়কারীদের একজন মো. জুয়েল বিএইচএস নিউজকে বলেন, ‘পৌরসভার নির্ধারিত ইজারাদারদের নিয়োগ করা শ্রমিক হিসেবে আমরা শুধু পৌরসভার নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকে পৌর টোল আদায় করছি। এতে আমরা শুধু প্রতি রসিদে মাত্র ছয় টাকা পাচ্ছি। আমরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে টাকা তুলছি না।’

তবে বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বিএইচএস নিউজকে জানান, টোল আদায়ের জন্য পৌরসভা থেকে কোনো ইজারাদার নিয়োগ করা হয়নি। পৌর তহবিলের স্বার্থে খাস আদায়ের জন্য কেবল চারজন শ্রমিক নিযুক্ত করা হয়েছে, যাঁরা সংগৃহীত অর্থ প্রতি মাসে পৌরসভার ফান্ডে জমা দেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড, দক্ষিণ বাসস্ট্যান্ড, দেউলা-মজম ও রানীগঞ্জ এলাকাসহ পাঁচ স্থানে এই খাস আদায় শুরু হলেও মহাসড়কে গাড়ি আটকে টাকা তোলার ঘটনার সঙ্গে পৌরসভার নিয়মের কোনো মিল নেই বলে তিনি জানান।