এইমাত্র
ভোলা

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: চরমোনাই পীর

জুলাই বিপ্লবের পর গণভোটের রায় এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জনগণের এই রায়কে উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয়; সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, ৭০ ভাগ মানুষের গণভোটের রায় আদৌ বাস্তবায়ন হবে কি না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আল আমীন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর যাদেরকেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসানো হয়েছে, তারা কেউই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি; উল্টো ক্ষমতার অপব্যবহার করেছে। একইভাবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যে উদ্দেশ্যে রক্ত দিয়ে শহীদ হয়েছে, সেই উদ্দেশ্যও এখনো বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে দেশপ্রেমের অভাব রয়েছে; দেশপ্রেম ঈমানের অঙ্গ। তিনি বিএনপি, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে দেশ পরিচালনার আহ্বান জানান।

ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে; রায় বাস্তবায়ন না করে দেশ চালানো অসম্ভব। ভোলাবাসীর দাবির প্রসঙ্গে তিনি বলেন, মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে দ্বীপজেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চিন্তা অযৌক্তিক; ভোলাবাসী চায় ভোলা-বরিশাল ব্রিজ, ভোলা-বরিশালের ওপর দিয়েই ব্রিজ হতে হবে। সম্মেলন শেষে ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, মো. হাবিবুল্লাহকে সহসভাপতি এবং বেলাল ফারুকীকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়।