এইমাত্র
বরিশাল সদর

বরিশালে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

বর্ষা মৌসুম শেষ হলেও বরিশালে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এতে দিশাহারা হয়ে পড়েছেন নদীপারের মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ৩০১টি স্থানে প্রায় ২৯৭ কিলোমিটারজুড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীভাঙনকবলিত জেলাগুলোর মধ্যে ভোলায় সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। এর পরই রয়েছে বরিশাল ও পটুয়াখালী জেলা।

ভোলা জেলায় ২৩৭ কিলোমিটার, বরগুনা জেলায় ১৭ কিলোমিটার, পটুয়াখালী জেলায় ১৪ কিলোমিটার, বরিশাল জেলায় ১৩ কিলোমিটার, পিরোজপুরে ১১ কিলোমিটার ও ঝালকাঠিতে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে।

বরিশাল অঞ্চল নদ-নদীবেষ্টিত। বরিশাল বিভাগে প্রায় ২৫টি নদী রয়েছে। বছরজুড়েই এর মধ্যে কোনো না কোনো নদী ভাঙতে থাকে, আর বর্ষায় এই ভাঙন আরও তীব্র হয়। এবার বর্ষা শেষেও ভাঙন তীব্র আকার ধারণ করেছে। কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর, মাছকাটা, মেঘনা, বিষখালীসহ বিভাগের বেশ কয়েকটি নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

বরিশালে নদীভাঙন প্রতিরোধে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছরই শত শত একর জমি ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

কালাবদর, মাছকাটা ও মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে বরিশালের হিজলা উপজেলার থানারঘাট, লঞ্চঘাট ও জাঙ্গালিয়া এলাকা। এতে প্রায় দুই হাজার পরিবার বসতবাড়ি হারানোর আশঙ্কায় রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় নদীগর্ভে বিলীন হয়েছে এক হাজার ২০০ পরিবারের বসতবাড়ি।

জাঙ্গালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন মীর বিএইচএস নিউজকে বলেন, গত মঙ্গলবার রাত থেকে নদীভাঙন আবার বেড়ে গেছে। প্রতিদিন ১০-১২টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

হরিনাথপুরের বাসিন্দা শফিকুল ইসলাম মিলন বিএইচএস নিউজকে বলেন, তিনবার ভাঙনের মুখে পড়ে চতুর্থবার ফের নদীর তীরে ঘর করেছেন তিনি। সাত-আট মাস ধরে ভাঙনে প্রায় আড়াই কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

আন্দারমানিক এলাকার গাজী মহিউদ্দিন বিএইচএস নিউজকে বলেন, যেখানে তাঁর জন্ম হয়েছিল, আজ তার পুরোটাই মেঘনা নদীর গর্ভে। দুবার ভাঙনের মুখে পড়ে তিনি নদী ছেড়ে অনেক দূরে আশ্রয় নিয়েছেন। তারপরও নদীভাঙন পিছু ছাড়ছে না।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় থাকতে থাকতে বিদ্যালয়, বাজার বা ঘরবাড়ি কোনোটাই আর টিকবে না।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বিএইচএস নিউজকে বলেন, ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে। ভাঙন ঠেকাতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বিএইচএস নিউজকে বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভাঙনরোধে কাজ চলছে। প্রয়োজনে নতুন প্রকল্প নেওয়া হবে।