এইমাত্র
গলাচিপা

টানা বৃষ্টিতে গলাচিপায় তরমুজের চারা পচে গেল, মাথায় হাত চাষিদের

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় আগাম তরমুজের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের দাবি, রোপণ করা চারার প্রায় অর্ধেক পচে গেছে; এতে তরমুজের ফলন অন্তত ১৫ দিন পিছিয়ে যাবে।

গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের কৃষক মো. আলমগীর হাওলাদার পাঁচ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করে চারা রোপণ করেছিলেন। তাঁর ৯ হাজার চারার মধ্যে ৪ হাজার পচে গেছে। এতে তাঁর প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গলাচিপা পৌর এলাকার মাঝের চরের তরমুজ চাষি মো. জাকির সরদার বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে একটুও বিশ্রাম নিতে পারেননি। সারা দিন চারা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও বৃষ্টিতে তা রক্ষা করা যায়নি। ক্ষতি পুষিয়ে উঠতে তিনি সমন্বিত চাষের দিকে ঝুঁকছেন — তরমুজের ক্ষেতের আলের পাশে হাইব্রিড মুগডাল, লাউ, শসাসহ বিভিন্ন সবজি চাষ করবেন বলে জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে আগাম জাতের তরমুজ রোপণ হয়েছে অন্তত ১০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বিএইচএস নিউজকে জানান, টানা তিন দিনের বৃষ্টিতে তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, এটা সত্য। তবে গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি; যারা আগাম জাতের তরমুজ চাষ করেছেন, তাদের ক্ষতি হয়েছে। গত জুন-জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি; সেসব জমিতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। আগামী চার মাস আবহাওয়া ঠিক থাকলে তরমুজ চাষিরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।